স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আবু হানিফা (৪৮) নিহত হয়েছেন। শনিবার (২ মে) রাত সাড়ে ১১টার দিকে মধুপুরের কাকরাইদ স্ট্রিল রাইস সাইলো’র সামনে ঘটে এ দুর্ঘটনা। নিহত আবু হানিফা মধুপুর পৌরসভার দামপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় কলা চাষি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জলছত্রের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক আবু হানিফার মৃত্যু হয়।
ঘটনাস্থলে থাকা এনামুল হক ও অটোরিকশা চালক কদ্দুস আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলটি এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্বার করা হয়েছে। ট্রাক জব্দ এবং চালক শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।