স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ৩শ পিস ইয়াবাসহ শওকত হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শওকত হোসেন (৪৮) উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের হোসাইন উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোড়াই ফ্লাইওভারের উত্তর পাশের একটি ভবনে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে মাদক কারবারি শওকত হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শওকত হোসেনকে রবিবার (৩ মে) সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।