
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় দুটি এক্সকাভেটর মেশিন বিনষ্ট এবং দুটি অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক জব্দ করা হয়। শনিবার (৯ মার্চ) দিবাগত রাত থেকে রোববার (১০ মার্চ) সকাল ৬টা পর্যন্ত কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা ও দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে ঘটনাস্থলে থাকা দুটি এক্সকাভেটর মেশিন বিনষ্ট করা হয় এবং অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত দুটি ড্রাম ট্রাক হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






