
স্টাফ রিপোর্টার ॥
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও টিসিবি’র ‘ট্রাকসেল’ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১১ মে) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেন টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে।
এ সময় ক্রেতারা জানান, বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি ও ডাল । এসব পণ্যের দাম কম থাকায় লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে এসেছি। তবে আমাদের দাবি পণ্য দিতে ব্যবস্থাপনা যেন সঠিক থাকে।
টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে (১১ মে) হতে আগামী (২১ মে) পর্যন্ত শুক্রবার ব্যতীত মোট ১০ দিন টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১০০টি স্থানে প্রতিদিন ১০টি করে ট্রাকে ৪০০০ (চার হাজার) নিম্নআয়ের পরিবারের মাঝে প্রতি কেজি ৮০ টাকা করে ২ কেজি মশুর ডাল, প্রতি লিটার ১৩০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও প্রতি কেজি ৭০ টাকা দরে ১ কেজি চিনি সরবরাহ করা হবে।






