
স্টাফ রিপোর্টার ॥
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে হলে টাঙ্গাইলের ঐতিহ্যকে পুণরুদ্ধার করতে হবে। তবেই টাঙ্গাইল একটি সমৃদ্ধ সাংস্কৃতিক নগরীতে পরিণত হবে। সংস্কৃতিক নগরী গড়ে উঠলে সাংস্কৃতিক পরিমন্ডলে মানুষের বিচরণ বাড়বে। এতে মাদক-সন্ত্রাস, অন্যায়-অবিচার, অনিয়ম-অনাচার সমাজে কমে আসবে। সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে দ্রুততম সময়ের মধ্যে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মিলনায়তন সংস্কার করে সংস্কৃতি চর্চার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
শুক্রবার (১৫ মে) দুপুরে টাঙ্গাইল জেলা শিশু একাডেমী মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, একটি সুন্দর নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। যাতে টাঙ্গাইলকে এমনভাবে গড়ে তুলতে পারি যেন- টাঙ্গাইল হবে সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল।
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে কবি মতিয়ারা মুক্তার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, গীতিকার-সুরকার ও সংগীত শিল্পী ফিরোজ আহমেদ বাচ্চু প্রমুখ।






