স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় গত কয়েকদিনের ভারী বর্ষণে দেলদুয়ার-নাটিয়াপাড়া সড়কের প্রয়াগজানী নামক স্থানে ধসে গিয়েছে রাস্তা। এতে এই সড়কে রবিবার (১৭ মে) সকাল থেকেই যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৌছাতে ও দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য দেলদুয়ার উপজেলাবাসীর গুরুত্বপূর্ণ ২টি সড়কের একটি দেলদুয়ার-পাকুল্যা সড়ক। অপরটি দেলদুয়ার-নাটিয়াপাড়া সড়ক।
জানা যায়, দেলদুয়ার-নাটিয়াপাড়া সড়কের লৌহজং নদীর প্রয়াগজানী ব্রীজের প্রায় ১০০ গজ পূর্বে ১টি পুকুড়ের পাশে সড়কটিতে বেশকিছু দিন আগে গর্তের সৃষ্টি হয়। সম্প্রতি অতি বর্ষণে ওই স্থানে ধসে গিয়ে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ টেকসই সংস্কার কাজ না হওয়ায় সড়কটি বারে বারে ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
দেলদুয়ার উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহানোর সোহেল বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়টির ধসে যাওয়া স্থানে টেকসই সংস্কার প্রয়োজন। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা যোহরা সুলতানা যুথী বলেন, যেহেতু সড়কটি স্থানীয় সরকার বিভাগের, সেহেতু তাদেরকে বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করছি অতি দ্রুতই সড়কটি যান চলাচলের উপযোগী হবে।