
স্টাফ রিপোর্টার ॥
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলের সদর উপজেলার গড়াশিনে তিন দিনব্যাপী বসবে বিশাল গরু-ছাগলের হাট। হাটটিতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু, ছাগল ও মহিষ কোরবানির জন্য সুলভ মূল্যে বিক্রি করা হবে। সদর উপজেলা করটিয়া ইউনিয়নের গড়াশিন জাহান আরা বেগম স্কুল এন্ড কলেজ মাঠে (আগামী ২৫ মে থেকে ২৭ মে) পর্যন্ত চলবে এ হাট।
হাট সংশ্লিষ্টরা জানান, ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে নেওয়া হয়েছে নানা ধরনের ব্যবস্থা। বিশুদ্ধ পানি পান, পশু বাঁধার নির্দিষ্ট স্থান, বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও দূর থেকে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে।
হাটের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে স্থানীয় এলাকাবাসী। শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সর্বক্ষণ নজরদারিও করা হবে বলে জানা গেছে।
হাট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি ছাগলের জন্য ৩০০ টাকা এবং প্রতি গরুর জন্য ৬০০ টাকা খাজনা নির্ধারণ করা হয়েছে।
এদিকে এই হাটকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে এলাকাবাসী, গরু-ছাগল ক্রয়-বিক্রেতা এবং পাইকারদের সহযোগিতা কামনা করেছেন হাট কমিটির কতৃপক্ষ।






