স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সরাগী এলাকায় বৌলা বিল থেকে নিখোঁজ এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে কালিহাতী থানা পুলিশ এই লাশ উদ্ধার করে। নিহত তোফাজ্জল (৩৭) সরাগী উত্তরপাড়া গ্রামের মৃত মোতালেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত (২৪ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার পর থেকে তোফাজ্জল নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ৩ টার দিকে সরাগী উত্তরপাড়া গ্রামের পূর্ব পাশে অবস্থিত বৌলা বিলে পানির মধ্যে একটি বস্তা দেখতে পান স্থানীয়রা। কাছে গিয়ে তারা বস্তার ভেতরে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম জানায়, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।