স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮ টার সময়। আত্মশুদ্ধি, ত্যাগ ও আত্মসমর্পণের এই ঈদ হোক সবার জন্য কল্যাণময় হোক এই কামনা করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। তিনি বুধবার (২৭ মে) টাঙ্গাইল জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এদিকে টাঙ্গাইলে ১২টি উপজেলায় এক হাজার ৯৫৭টি ঈদগাহ মাঠে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার জামাত আয়োজন করা হয়েছে। এর মধ্যে কালিহাতী উপজেলায় সর্বোচ্চ ৩৪২টি এবং ধনবাড়ী উপজেলায় সর্বনিম্ন ১৬টি ঈদের জামাত আয়োজন করা হবে। টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার এক হাজার ৯৫৭টি ঈদগাহ মাঠে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার জামাত আয়োজন করা হয়েছে। তার মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩৫টি ঈদের জামাত আয়োজন করা হয়েছে। টাঙ্গাইল জেলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম। এছাড়া ধনবাড়ী উপজেলায় জেলার মধ্যে সবচেয়ে কম ১৬টি ঈদ জামাত আয়োজন করা হয়েছে। এদিন সকাল ৮টায় নবাববাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে। মধুপুর উপজেলায় ৭৪টি ঈদ জামাত আয়োজন করা হয়েছে। মধুপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৭টা ৪০ মিনিটে আয়োজন করা হয়েছে।
গোপালপুর উপজেলায় ২০টি ঈদের জামাত আয়োজন করা হয়েছে। গোপালপুরের সূতী ভিএম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় আয়োজন করা জামাত অনুষ্ঠিত হবে। দেলদুয়ার উপজেলায় ১২৮টি ঈদগাহ মাঠে জামাত আয়োজন করা হয়েছে। আটিয়া শাহী ঈদগাহ মাঠে সকাল ৭টা ৩০মিনিটে আয়োজন করা ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সখীপুর উপজেলায় ১২৫টি ঈদের জামাত আয়োজন করা হয়েছে। সখীপুরের সোনারতরী দরবার শরীফ ঈদগাহ মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঘাটাইল উপজেলায় জেলার দ্বিতীয় সর্বোচ্চ ২৯৮টি ঈদের জামাত আয়োজন করা হয়েছে। ঘাটাইলের শাহপুর ঈদগাহ মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে আয়োজন করা ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কালিহাতী উপজেলায় সর্বোচ্চ ৩৪২টি ঈদ জামাত আয়োজন করা হয়েছে। কালিহাতী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় আয়োজন করা প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার বল্লায় জেলার সবচেয়ে বড় আহলে হাদীসের জামাত আয়োজন করা হয়েছে। বল্লা করোনেশন হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ মাঠে সকাল ৮টায় আয়োজন করা ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মির্জাপুর উপজেলায় ১১৫টি ঈদের জামাত আয়োজন করা হয়েছে। মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মাঠে সকাল ৭টা ১০ মিনিটে অনুষ্ঠিত প্রধান জামাত অনুষ্ঠিত হবে। নাগরপুর উপজেলায় ৭৬টি ঈদের জামাত আয়োজন করা হয়েছে। নাগরপুর উপজেলা ঈদগাহ মাঠে সকাল ৮টায় আয়োজন করা ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বাসাইল উপজেলায় ১৭৪টি ঈদের জামাত আয়োজন করা হয়েছে। কলিয়া পূর্বপাড়া মসজিদ সংলগ্ন মাঠে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত আয়োজন করার কথা রয়েছে।ভূঞাপুর উপজেলায় ১২৯টি ঈদের জামাত আয়োজন করা হয়েছে। ভূঞাপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল জেলার সব ঈদগাহ মাঠ বা মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল ৯টার মধ্যে পবিত্র ঈদুল আজহার জামাত আয়োজন করা হবে। কোনো কোনো স্থানে ভিন্ন ভিন্ন সময়ে একাধিক ঈদের জামাত আয়োজন করা হবে। কোনো কোনো স্থানে মহিলাদের জন্য পবিত্র ঈদুল আজহার নামাজ জামাতে আদায় করার জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে।
টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, জেলায় এক হাজার ৫৩২টি পবিত্র ঈদুল আজহার জামাত আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের জানাতে জেলার জামাতের স্থান ও সময় প্রচার করা হচ্ছে। এতে মুসল্লিরা সঠিক সময়ে ঈদের জামাতে শরীক হয়ে নামাজ আদায় ও সঠিক সময়ে কোরবানি করার সুযোগ পাবে।