
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
‘বসবাসের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, সুস্থ ও সুন্দর জীবন যাপন করি’ স্লোগানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসন ও কালিহাতী পৌরসভার যৌথ উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১১ টা থেকে দিনব্যাপী কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে সাপ্তাহিক এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, কালিহাতী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অভিযান চলাকালে উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানো হয়।
অভিযানে অংশগ্রহণকারীরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই।
বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব। এ সময় উপস্থিত সবাই ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন কালিহাতী গড়তে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মশার প্রজননস্থল ধ্বংস করে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর কালিহাতী গড়ে তোলা সম্ভব। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানাচ্ছি।






