
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। সাজা প্রাপ্তরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মিন্টু খানের ছেলে শাকিবুল ইসলাম রিফাত (২২) ও হুমায়ুন কবিরের ছেলে সাব্বির হোসেন (২৪)।
রোববার (৩১ মে) রাত ৮টার দিকে ডা. এফ আর খান পাইলট ইন্সটিটিউটের সামনে ওই ২ জনের গতিবিধি সন্দেহজনক হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে দেহ তল্লাশি করে মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে।
পরে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা যোহরা সুলতানা যূথী ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারার বিধানমতে তাদের সাজা প্রদান করেন।
এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, মাদক নির্মূলে দেলদুয়ার থানা জিরো টলারেন্স ভূমিকা পালন করছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। যেখানেই মাদক, সেখানেই পুলিশের অভিযান। এমন সিদ্ধান্তে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে।






