স্টাফ রিপোর্টার ॥
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল শহরকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, পার্ক সংস্কার এবং টাঙ্গাইল ডিসি লেককে দর্শনার্থীবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। শহরের রাস্তা-ঘাটসহ নাগরিক সুবিধার উন্নয়নে ইতোমধ্যে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (৫ জুন) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
সচেতন নাগরিক ফোরামের সভাপতি আকিবুর রহমান ইকবালের সভাপতিত্বে ও রফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা মাহমুদুল হক সানু, জাফর আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা টাঙ্গাইলের উন্নয়ন ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।