ডেক্স রিপোর্ট ॥
মাদক এবং অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে শ্বশুরবাড়ি এলাকায় চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন জামাতা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জোড়বহ গ্রামে বুধবার (১৭ জুন) এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আটক হওয়া জামাইয়ের নাম ফারুক হোসেন (৩৩)। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। তিনি ধলাপাড়া ইউনিয়নের জোড়বহ গ্রামের মাসুম মিয়ার মেয়ের জামাই।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া উপজেলার ফারুক হোসেনের সঙ্গে ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের মাসুম মিয়ার মেয়ের কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। পরে ফারুক মাদকাসক্ত ও জুয়া খেলার সঙ্গে জড়িত হওয়ায় পারিবারিক অশান্তি শুরু হয়। দীর্ঘদিন যাবত ফারুক নানান ধরনের মাদক গ্রহণ করেন এবং অনলাইনে জুয়ায় আসক্ত। এতে তিনি ঋণগ্রস্ত হয়ে টাকা জোগাড় করতে মরিয়া হয়ে উঠেন। বুধবার (১৭ জুন) রাত ৩টার দিকে ফারুক শ্বশুরবাড়ি এলাকার জোড়বহ গ্রামে এক প্রবাসীর বাড়িতে কৌশলে প্রবেশ করে চুরির চেষ্টা চালান। সে সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে ফারুককে হাতেনাতে আটক করেন।
স্থানীয়রা আরও জানান, চুরির উদ্দেশ্যে ফারুক প্রবাসীর বাড়িতে প্রবেশ করলে তাকে স্থানীয়রা আটক করেন। পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সালিশ-বৈঠকের আয়োজন করলে তিনি তার অপরাধ স্বীকার করেন। পরে চুরির মতো কাজে তিনি আর জড়িত হবেন না মর্মে মুচলেকা নিয়ে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
স্থানীয় স্কুল শিক্ষক মোতালেব হোসেন বলেন, মাদক ও জুয়ার করাল গ্রাসে যুবসমাজকে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ঠেলে দিচ্ছে। এসব থেকে গ্রামগঞ্জের কিশোর যুবকরাও রেহাই পাচ্ছে না।
এ বিষয়ে ধলাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, ফারুক চুরি করতে এক প্রবাসীর বাড়িতে ঢুকলে তাকে আটক করা হয়। পরে সালিশ-বৈঠকে তিনি তার অপরাধ স্বীকার করেন এবং আর এই ধরনের কাজে জড়িত হবে না মর্মে মুচলেকা নিয়ে তার পরিবার সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।
তথ্যসূত্র ও ছবি-কালবেলা।