
স্টাফ রিপোর্টার ॥
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ টাঙ্গাইল শহরে ঝটিকা মিছিল করেছে। রোববার (২১ জুন) সকাল সাড়ে নয়টার দিকে শহরের ভিক্টোরিয়া রোডে ৮ থেকে ১০ জন এই ঝটিকা মিছিল বের করে।
এ সময় তারা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এই শ্লোগান দিয়ে প্রায় ৫ মিনিটের মিছিল শেষ করে চলে যায়। সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ছবি ও ব্যানার নিয়ে তারা মিছিলে অংশ নেয়। পুলিশের ধারণা ছোট মনির সমর্থকরা এই ঝটিকা মিছিল করেছে।
মিছিলে অংশ নেয়া একজনকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। তার নাম আশিকুর রহমান আশিক। আশিক টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে টাঙ্গাইল শহরে জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝুঁটিকা মিছিল বের করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে একজনকে গ্রেফতার করা হয়। মিছিলের ফুটেজ যাচাই-বাছাই করে সনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেফতার করতে অভিযান চলছে।






