ঘাটাইল প্রতিনিধি ॥
মানবতার সেবায় এগিয়ে এসে ক্যান্সারে আক্রান্ত অসহায় আব্দুল মোত্তালিবের পাশে দাঁড়িয়েছে অনলাইন ভিত্তিক জনকল্যাণমূলক হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম "মানবতার মেলবন্ধন"। মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনের সদস্যরা শনিবার (২০ জুন) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের গুচ্ছগ্রামের ছেলে আব্দুল মোত্তালিবের চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করেছেন। অনলাইন ভিত্তিক জনকল্যাণমূলক হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম কর মানবতার মেলবন্ধন।
এ সময় গ্রুপের এডমিন মিজানুর রহমান, আব্দুল খালেক মাস্টার, ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক, আইয়ুব আলী, প্রভাষক শফিকুল ইসলাম, শাকিল আহম্মেদ, সাব্বির আহম্মেদ, শরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সার্বিক তত্বাবধানে ছিলেন আমেরিকা প্রবাসী জুয়েল।
জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন আব্দুল মোত্তালিব। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছিলেন তিনি ও তার পরিবার। এমন পরিস্থিতির খবর পেয়ে ‘মানবতার মেলবন্ধন’ গ্রুপের সদস্যরা সম্মিলিতভাবে অর্থ সংগ্রহ করে তার হাতে নগদ সহায়তা তুলে দেন। এ সময় সংগঠনের সদস্যরা বলেন, মানুষ মানুষের জন্য। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ায়। তাহলে অনেক পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে। আব্দুল মোত্তালিবের চিকিৎসার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নগদ সহায়তা পেয়ে আবেগাপ্লুত মোত্তালিব ও তার পরিবারের সদস্যরা সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহযোগিতা তাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে নিতে অনেকটা সহায়ক হবে।
স্থানীয় সচেতন মহল ‘মানবতার মেলবন্ধন’ এর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মানবতার এই উজ্জ্বল দৃষ্টান্ত আবারও প্রমাণ করেছে বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা।