
সোহেল রানা, কালিহাতী ॥
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন এলেঙ্গাকে উপজেলা হিসেবে উন্নীত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি ওই এলাকায় একটি বিশ্ববিদ্যালয় ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবও উত্থাপন করেন। সংসদ সদস্যের এ বক্তব্য প্রকাশের পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে এ বিষয়ে পক্ষে-বিপক্ষে মতামত দিতে দেখা গেছে স্থানীয়দের।
ফেসবুকে অনেকেই প্রশ্ন তুলেছেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদর থেকে এলেঙ্গার দূরত্ব মাত্র প্রায় ১০ কিলোমিটার। এতো অল্প দূরত্বে নতুন উপজেলা গঠনের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, নতুন উপজেলা ঘোষণার পরিবর্তে কালিহাতীর বিদ্যমান অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া উচিত। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ প্রস্তাবকে কালিহাতী উপজেলার দীর্ঘদিনের ঐতিহ্য ও প্রশাসনিক গুরুত্ব ক্ষুন্ন করার প্রচেষ্টা বলেও মন্তব্য করেছেন। তাদের দাবি, উপজেলার আয়তন ও পরিচিতি সংকুচিত হওয়ার আশঙ্কা থেকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে অপরদিকে এলেঙ্গার ভৌগোলিক ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় একাংশ এ দাবিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এলেঙ্গাকে উপজেলা করা হলে প্রশাসনিক সেবা জনগণের আরও কাছাকাছি পৌঁছাবে এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।
বাজেট অধিবেশনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, এলেঙ্গাকে উপজেলা এবং এ অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হলে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এদিকে বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে। স্থানীয়দের একটি বড় অংশের দাবি, কালিহাতী উপজেলা সদর থেকে এলেঙ্গার দূরত্ব খুবই কম হওয়ায় নতুন উপজেলা গঠনের বাস্তব প্রয়োজনীয়তা স্পষ্ট নয়। তাদের মতে, নতুন প্রশাসনিক ইউনিট সৃষ্টির পরিবর্তে বিদ্যমান কালিহাতী উপজেলার অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া অধিক কার্যকর হতে পারে। এছাড়া উপজেলা বিভক্ত হলে কালিহাতীর প্রশাসনিক পরিসর ও ঐতিহ্যগত গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করছেন অনেকে। ফলে এলেঙ্গাকে উপজেলা করার দাবি নিয়ে জনমতের মধ্যে স্পষ্ট মতপার্থক্য দেখা দিয়েছে। সচেতন মহলের অনেকে মনে করছেন, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে জনমত, প্রশাসনিক বাস্তবতা, জনসংখ্যা, ভৌগোলিক প্রয়োজনীয়তা এবং এলাকার সামগ্রিক স্বার্থ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।






