স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার ক্ষেত থেকে ১১টি পরিপক্ব গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন ওই গ্রামের বাদশাহ মিয়ার ছেলে।
টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনের পাটক্ষেতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাটগাছের আড়ালে কৌশলে চাষ করা ১১টি বড় গাঁজাগাছ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গাঁজা চাষের অভিযোগে আল আমিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আল আমিনের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বাদী হয়ে ভূঞাপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা গাঁজাগাছ জব্দ করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।