
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শুভকী গ্রামে একটি বসতবাড়িতে গভীর রাতে গ্রিল কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার শুভকী গ্রামের বাসিন্দা আল মামুন (৪৫) দেলদুয়ার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা চোরেরা রাতের কোনো এক সময় বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে আনুমানিক ৮ ভরি ১৩ আনা স্বর্ণালংকার চুরি করে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা। এছাড়া নগদ ৩ লাখ ২৫ হাজার টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
ভুক্তভোগী আল মামুন জানান, সকালে ঘুম থেকে উঠে ঘরের গ্রিল কাটা ও আলমারি ভাঙা অবস্থায় দেখতে পাই। পরে ঘরের মালামাল তছনছ এবং স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারি। আত্মীয়-স্বজন ও আশপাশে খোঁজাখুঁজি করেও চুরি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চুরি সংঘটিত করার অভিযোগ এনে দেলদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।






