স্টাফ রিপোর্টার ॥
শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিট থেকে এ অবরোধ কর্মসুচী শুরু হয়। দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত অবরোধ করে রাখে। এ সময় উত্তরবঙ্গগামী লেনে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও যানবাহন চালকরা।
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং পরীক্ষার্থীদের 'ফার্মের মুরগী' বলায় শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এইচএসসি পরীক্ষার্থীরা শহরের বিভিন্ন এলাকা হতে খন্ড খন্ড মিছিল নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমবেত হয় এবং সড়ক অবরোধ করে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের নগর জলপাই এলাকায় গিয়ে অবরোধ সৃষ্টি করে। শিক্ষার্থীরা মহাসড়কে বসে পড়ে এবং শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অবরোধের কারণে মহাসড়কের যমুনা সেতুগামী লেনে যানবাহন চলাচল সোয়া ঘন্টা বন্ধ থাকে। এ সময় মহাসড়কের শতশত যানবাহন আটকা পড়ে। আন্দোলনে কুমুদিনী সরকারি মহিলা কলেজ, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
আন্দোলনকারীরা বক্তব্যে বলেন, দেশজুড়ের ভয়াবহ বন্যা এবং অতিবৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে উল্টো কঠিন প্রশ্ন দিয়ে পরীক্ষার পাশাপাশি শিক্ষামন্ত্রী নানা মন্তব্য করার এর প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা। এছাড়া তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন এবং পরীক্ষা বাতিল করে পুণরায় গ্রহণ এবং সংশ্লিষ্ট বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।