স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে এলেংজানি নদীর পানি বৃদ্ধির সাথে সাথে নদী তীরবর্তী বিভিন্ন স্থানে তীব্র ভাঙ্গণ শুরু হয়েছে। ভাঙ্গনে নদী পাড়ের বসতবাড়ী, কৃষি জমি, রাস্তাঘাটসহ নাল্লাপাড়া বাজারের দোকানপাট নদীগর্ভে চলে যাচ্ছে। ঝুকির মধ্যে পড়েছে নাল্লাপাড়া বাজার সংলগ্ন নদীর উপর ব্রীজ। বুধবার (১৫ জুলাই) আটিয়া ইউনিয়নের নদী তীরবর্তী ভাঙ্গণ এলাকা পরিদর্শনে দেখা গেছে ভয়াবহ চিত্র।
গড়াসিন এলাকায় দেখা গেছে, ভাঙ্গনে বেশকয়েকটি বসতবাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীপাড়ের রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ওই এলাকার মানুষ যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন। গড়াসিন থেকে নাল্লাপাড়া বাজার পর্যন্ত প্রায় ১০ একর নদী পাড়ের কৃষি জমি ফসলসহ নদীগর্ভে বিলীন হয়েছে। নাল্লাপাড়া ব্রীজের পূর্বপ্রান্ত ভাঙ্গনে ঝুকির মধ্যে পড়েছে। কয়েকটি দোকান ইতিমধ্যেই ভেঙ্গে নদীতে পড়ে গেছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা যোহরা সুলতানা যূথী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
এ সময় তিনি বলেন, এলেংজানি নদী ভাঙ্গনের খবর পেয়ে তাৎক্ষণিক কবলিত এলাকা পরিদর্শন করেছি। যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই ভাঙ্গন কবলিত এলাকার সমস্যার সমাধান হবে। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।