স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইল থেকে নবম শ্রেণির ছাত্রী এক কিশোরীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। একই অভিযানে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার বাসাইল থানার অপহরণ মামলার অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ প্রধান অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, ভিকটিম (১৪) স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। ধৃত অভিযুক্ত সাব্বির চৌধুরী (২৮) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে ভিকটিমকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। বিষয়টি জানতে পেরে ভিকটিমের পরিবার অভিযুক্তের পরিবারকে জানালেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। একপর্যায়ে অভিযুক্ত সাব্বির কৌশলে ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে। গত (২৪ জুন) বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভিকটিমকে ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে একটি সিএনজিযোগে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।
এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে টাঙ্গাইল জেলার বাসাইল থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৫, ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। মামলা রুজুর পর থেকেই র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকস গোয়েন্দা দল অপহৃত ভিকটিম উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে।
প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের একটি চৌকস আভিযানিক দল গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান অভিযুক্ত সাব্বির চৌধুরীকে (২৮) গ্রেফতার করে এবং তার হেফাজত হতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে।
ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদান এবং গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাব-১৪ এর এই ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।