স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভুঞাপুর থানার ধর্ষণ মামলার আসামি র্যাবের অভিযানে নারায়ণগঞ্জ হতে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামির নাম আরিফ হোসেন (২৬)। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের আভিযানিক দল শুক্রবার (১৭ জুলাই) ভোরে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পূজেরপাড় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পলাতক মুল অভিযুক্ত আরিফ হোসেনকে (২৬) গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এজাহারের বিবরণে জানা যায়, বিগত ২০২৫ (২০ ডিসেম্বর) রাত অনুমান ১২ টায় ভিকটিম নারী নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। উক্ত সময়ে ধৃত অভিযুক্ত কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং ভিকটিমের শরীর স্পর্শ করে। ভিকটিম টের পেয়ে চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্ত তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন।
আদালত অভিযোগটি আমলে নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর থানাকে নিয়মিত মামলা রুজুর নির্দেশ প্রদান করেন। আদালতের আদেশ মোতাবেক ভুঞাপুর থানায় বিগত (১৩ জানুয়ারি) ধারা- ৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত/২০০৩) রুজু করা হয়।
তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের আভিযানিক দল শুক্রবার (১৭ জুলাই) ভোরে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পূজেরপাড় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পলাতক মুল অভিযুক্ত আরিফ হোসেনকে (২৬) গ্রেপ্তার করে। ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।