কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন কালিহাতী উপজেলাবাসীর প্রতি মাদকবিরোধী অবস্থান জোরদারের আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কেউ কোনো মাদক কারবারী বা মাদকাসক্ত ব্যক্তিকে কখনো সাপোর্ট দেবেন না। তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। মাদকের ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার। মাদক একটি সামাজিক ব্যাধি। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কালিহাতী স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সংসদ সদস্যদের জন্য বরাদ্দ উপজেলা পরিষদে স্থাপিত পরিদর্শন কক্ষ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নিজের কার্যালয় প্রসঙ্গে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, এখন থেকে আমি যেদিন আমার নির্বাচনী এলাকায় অবস্থান করব, সেদিন এই অফিসে বসব। কালিহাতীর মানুষ তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি আমাকে জানাতে পারবেন। এখন থেকে এই ঠিকানায় মানুষ আমাকে নিয়মিত পাবেন। জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তদারকির পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে এই কার্যালয় কার্যকর ভূমিকা পালন করবে।
এ সময় কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।