
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা খাদ্যগুদামের সামনের রাস্তায় অপ্রয়োজনীয় কালভার্ট আংশিক বিধ্বস্ত হয়ে পড়েছে। এতে খাদ্যগুদামে সংরক্ষিত পণ্য সরবরাহে যান চলাচলে মারাত্মক ব্যাহত হচ্ছে। এতে ভারী যানে পণ্য সরবরাহসহ যাতাযাত করা কঠিণ হয়ে পড়েছে। উপজেলার একমাত্র খাদ্যগুদামের প্রধান গেইটে এমন বিধ্বস্ত কালভার্ট দীর্ঘদিন ধরে পড়ে থাকায় ঝুঁকি নিয়ে যানবাহনগুলো চলাচল করছে।
জানা যায়, অপ্রয়োজনীয় কালভার্টটি যেন খাদ্যগুদামের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থা দেখেও সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়ছে না। সম্প্রতি প্রবল বর্ষণে এর এক পাশ ভেঙে পড়েছে। ফলে আরও ঝঁকিপূর্ণ হয়ে পড়েছে রাস্তাটি।
দেলদুয়ার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তৈয়বা আক্তার বলেন, খাদ্যগুদামের প্রধান গেইটের সামনে রাস্তায় যে কালভার্টটি রয়েছে তা অনেক পুরনো। যেহেতু এখান দিয়ে পানি নিষ্কাশনের কোন খাল নেই। সেহেতু এখানে কালভার্টটি অপ্রয়োজনীয়। এটি অপসারণ করে রাস্তাটি সংস্কার করা খুবই প্রয়োজন। তা না হলে খাদ্যগুদামের পণ্য লোড এবং আনলোডে ভারী যানবাহন ব্যবহার করা যাবে না।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী বলেন, ইতিমধ্যে উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অবস্থাদৃষ্টে করণীয় নির্ধারণে যথাযথ কর্তপক্ষের নিকট সুপারিশ করা হবে। আশা করছি অল্প সময়ের মধ্যেই ওই রাস্তাটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগি করে তোলা যাবে।





