স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নে টেরিয়াঘোনা গ্রামে আয়োজিত বাল্য বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যূথী এ বিয়ে বন্ধ করেন।
জানা যায়, ওই গ্রামের বোরহান উদ্দিনের নবম শ্রেণী পড়ুয়া মেয়ে কানিজ ফাতেমার (১৫) বিয়ের আয়োজন করেন তার পরিবার। বরযাত্রী আসার আগেই সংবাদটি উপজেলা প্রশাসন জানতে পারেন। পরে ইউএনও তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে বিয়েটি বন্ধ করে দেন।
সেই সাথে বাল্য বিয়ে অনুষ্ঠানের দায়ে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যূথী জানান, টেরিয়াঘোনা গ্রামের নবম শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এমন খবরে ঘটনাস্থলে পৌছে বিয়েটি বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে বরযাত্রীর জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল তা স্থানীয় এতিমখানায় সরবরাহ করা হয়েছে। বাল্য বিয়ে বন্ধে দেলদুয়ার উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।