
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুরে স্বামীর সঙ্গে অভিমান করে মনিরা আক্তার (২৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরা আক্তার ওই গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে এবং সাইফুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক কলহ বা মান-অভিমানের জেরে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন মনিরা। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এছাড়া আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






