
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে খাদিজা আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের সারাশিয়া উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খাদিজা আক্তার ওই গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন খাদিজা। গভীর রাতে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। যন্ত্রণায় ছটফট শুরু করলে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে কালিয়া ইউনিয়নের ইউপি সদস্য বদরুল আলম বলেন, রাতে সাপের কামড়ের পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





