সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে বালু মহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এ তিনজনকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী জোকারচর এলাকার মাসুদ রানাকে ১ লাখ টাকা এবং দেবুগাতি, গোহালিয়াবাড়ি এলাকার শাহাজ্জামালকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী গোহালিয়াবাড়ি এলাকার আব্দুস ছালামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দক্ষিণ বেতডোবা গ্রামের ফারুককে ১০০ টাকা অর্থদণ্ড ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড, সাতুটিয়া গ্রামের রতনকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই গ্রামের জোয়াহেরকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।