
স্টাফ রিপোর্টার ॥
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, এ সরকার সিল মেরে, রাতে ভোট দিয়ে, জোর করে নির্বাচিত হয় নাই। বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে। অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রত্যাবর্তন করতে পেরেছি। তাই জনগণের চোখের ভাষা বুঝে জনগণকে ভালবেসে তার কাজ করে দিতে হবে। আপনারা জনগণকে ভালোবাসবেন আমি জনগণের উন্নয়ন করব। কেউ দখলদারি, চাঁদাবাজিতে লিপ্ত হবেন না।
শনিবার (২২ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা তালতলা চত্ত্বরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বন বিভাগের কর্মকর্তা-কর্মচকারীদের উদ্দেশ্যে বলেন, আটিয়া বন অধ্যাদেশ ৮২ কালো আইন বাতিল করার জন্য আমি বহুবার সংসদে বলেছি। যতবার সুযোগ পাব ততবারই সংসদে বলবো। এছাড়া বন ও পরিবেশ মন্ত্রীকেও বলেছি, বারবার বলব। এই কালো আইন বাতিল করে ছাড়বো। বন বিভাগের লোকজন আপনারা আপনাদের কাজ করবেন জনগণকে বিভ্রান্ত করবেন না।
সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরকার শহীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালহে মোহাম্মদ শাফী ইথেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহমেদ প্রমুখ।





