স্টাফ রিপোর্টার ॥
“সমাজকর্ম শিক্ষার প্রসার, সমাজকর্ম পেশার মানোন্নয়ন ও উৎকর্ষ সাধন” প্রত্যয়ে টাঙ্গাইল সমাজকর্ম শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) টাঙ্গাইল সমাজকর্ম শিক্ষক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এম. মোস্তাফিজার রহমান। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল সমাজকর্ম শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি জামাল হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সমাজকর্ম শিক্ষক সমিতির সহ-সভাপতি ওয়াজেদ আলী খান এবং জেলা সমাজকর্ম শিক্ষক সমিতির সহ-সভাপতি শহীদুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার। সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমাজকর্ম বিষয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এ সময় সমিতির সাংগঠনিক কার্যক্রম, শিক্ষকদের বিভিন্ন সমস্যা, পেশাগত উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জামাল হোসেনকে সভাপতি এবং আব্দুর রহিম তালুকদারকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত শিক্ষকরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা সমাজকর্ম শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সমাজকর্ম শিক্ষার প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষক সমিতির কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক এস এম শফিউল হাসান, উপাধ্যক্ষ খন্দকার আব্দুল ওয়াদুদ, সহযোগী অধ্যাপক ড. অলিউল ইসলাম চৌধুরী, দেওয়ান শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, আল সালেহ, আ. ন. ম. সাফিউল্লাহ প্রমুখ।