
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ছিলিমপুর এলাকায় পরিচালিত অভিযানে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ আনোয়ার হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ দল। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার ছিলিমপুর বেবী স্ট্যান্ড এলাকায় তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসিয়ে এ অভিযান পরিচালনা করেছে র্যাব সদস্যরা।
টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ একটি দল শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ছিলিমপুর বেবী স্ট্যান্ড এলাকার সড়কে একটি তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন করে। এ সময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করা হলে চালক তার হেফাজতে থাকা অবৈধ ইয়াবা ট্যাবলেটের কথা স্বীকার করে। আটককৃত আনোয়ারের দেওয়া তথ্য ও দেখানো মতে সিএনজির সামনের বাম পাশে থাকা তালাবদ্ধ টুল-বক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ অর্থ, ১টি মোবাইল ফোন এবং ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক পরিবহনকারী ব্যবহৃত সিএনজি অটোরিকশার চালক আনোয়ার হোসেন জানায়, সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কৌশলে অবৈধ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ হেফাজতে রাখত এবং তা টাঙ্গাইল জেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।
টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ ক্যাম্পের পক্ষ থেকে জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও ইয়াবাসহ তাকে দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে। সরকারের ‘মাদকবিরোধী জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে টাঙ্গাইলে চলমান কঠোর অভিযান চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।






