স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-ধলাপাড়া সড়কের ঘাটাইল উপজেলার দেউপাড়া ইউনিয়নের কেরানীবাড়ী চৌরাস্তায় গণবিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার (২৯ আগস্ট) বিকালে মাদকের বিস্তার ও চুরি রোধ এবং রাতে শান্তিতে ঘুমানোর দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়। গণবিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় চার শতাধিক নারী-পুরুষ, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয়। পরে প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি সম্বলিত ‘গণস্বাক্ষর’ আবেদনপত্রে এলাকাবাসীর স্বাক্ষর নেওয়া হয়।
গণবিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও দেউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জুয়েল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল্লাহ আলামিন, দেউপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মিয়া, সাবেক ইউপি সদস্য হযরত আলী, ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক খোকন সিকদার, বিএনপি কর্মী মিয়া চান, আক্তার হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেউপাড়া ইউনিয়নে বিশেষ করে কালিকাপুর এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌড়াত্মে এলাকাবাসী অতিষ্ঠ। মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদক কেনাবেচা করছে। স্থানীয় যুবক-কিশোররা ওই মাদক সেবন করে ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের অবাধ বিস্তারের কারণে এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রকট আকার ধারণ করেছে। প্রায়ই চুরি হওয়ার কারণে এলাকার মানুষ রাতে ঘুমাতে পারছেনা- এলাকাবাসী শান্তিতে ঘুমাতে চায়।
এ সময় বক্তারা আরো বলেন, মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে হাছান মিয়া ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু পুলিশ নির্বিকার ভূমিকা পালন করছে। বাধ্য হয়ে এলাকাবাসী দুই চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায়ী ও চোর সিন্ডিকেটের মূল হোতাদের নাম প্রকাশ করে দিয়েছে। তার পরও মাদক প্রতিরোধে পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে মাদক বিক্রেতা ও সেবনকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। বক্তারা অনতিবিলম্বে মাদক ও চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।