
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফুলকী ইউনিয়নের ময়থা গাছপাড়া এলাকার আলমের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কালিহাতি উপজেলার গোলড়া মধ্যপাড়া এলাকার বাবলু মিয়ার ছেলে রাসেল মিয়া (৪১) এবং বাসাইল উপজেলার তিরঞ্জ গ্রামের আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ মোজাম্মেল হোসেন ওরফে মোজা (৩৫)।
বাসাইল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশের একটি আভিযানিক দল ফুলকী ইউনিয়নের ময়থা গাছপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে যথাযথ পুলিশ প্রহরায় বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বাসাইল উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





