গোপালপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ৬০ কেজি গাঁজাসহ রাসেল (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপালপুর থানা ব্রীজ সংলগ্ন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি পিকআপের পেছনের ডালা থেকে বিশেষ কায়দায় ৬টি বস্তায় রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি রাসেলের বাড়ি যশোর জেলায়।
টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ সূত্র জানায়, মাদক কারবারি রাসেল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্ধারকৃত আলামতসহ গোপালপুর থানায় প্রেরণ করা হয়েছে।