গোপালপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পাগলা শেয়ালের হামলায় তিনজন আহত হয়েছেন। এ সময় চারটি ছাগল ও একটি গরুকে কামড় দেওয়ার ঘটনা ঘটেছে । শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার নগদা শিমলা ইউনিয়নের জামতৈল এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এছাড়া আক্রান্ত গরুটি ও চারটি ছাগলকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে একটি পাগলা শেয়াল উপজেলার নগদা শিমলা ইউনিয়নের জামতৈল এলাকায় চারটি ছাগলের ওপর হামলা করে। পরে দুপুর ২টার দিকে শেয়ালটি স্থানীয় রোকনের বাড়িতে ঢুকে একটি গরুকে আক্রমণ করে। এ সময় রোকনের স্ত্রী সাজেদা বেগমকে কামড় দেয়।
পরে একই এলাকার মৃত আব্দুল গনির ছেলে রহিম এবং আরও একজনকে শেয়ালটি কামড় দেয়। পরে আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাগলা শেয়ালের হামলায় আহত সাজেদা বেগমের স্বামী ফরহাদ আলী বলেন, শেয়ালটি বাড়িতে ঢুকে গরুকে আক্রমণ করে। এ সময় আমার স্ত্রীসহ আরও দু’জনকে কামড় দেয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। গরুটিকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জামতৈলসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেয়ালটি শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।