
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঘোড়াদহ খালপাড় পাকা সড়ক থেকে সরাতৈল প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই লাল মাটির এই কাঁচা সড়কটি কাদায় একাকার হয়ে যায়। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষের যাতায়াত এখন চরম ভোগান্তিতে পরিণত হয়। সড়কের এমন বেহাল অবস্থা স্থানীয় জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোন সুফল পায়নি জনগন।
সরেজমিনে দেখা গেছে, বর্ষা মৌসুমে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাশাক, মুসুল্লিপাড়া ও কামারপাড়াসহ আশপাশের কয়েক গ্রামের কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিতে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। স্থানীয় কৃষক রমেশ কোচ বলেন, বর্ষায় কৃষিপণ্য বাজারে নিতে হিমশিম খেতে হয়। কাদার কারণে অনেক সময় গাড়ি উল্টে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। সবচেয়ে বেশি সংকটে পড়েছে বিদ্যালয়ের শিশুরা।
সরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল চন্দ্র ঘোষ বলেন, আমার বিদ্যালয়ে প্রায় ২০০ শিক্ষার্থী আছে। বর্ষা শুরু হলে কাদা মাড়িয়ে শিশুরা স্কুলে আসতে চায় না। এতে শিক্ষার্থীদের পাঠদান ও উপস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান বলেন, সড়কটি কয়েকটি গ্রামের যোগাযোগের প্রধান মাধ্যম। সড়কটি পাকাকরণ না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে এবং স্থবির হয়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি। দ্রুত সড়কটি পাকাকরণের মাধ্যমে দীর্ঘদিনের এই দুর্ভোগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।





