স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সাময়িক বরখাস্ত হওয়া একজন আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম হানিফ খান (৩৮)। সে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে পুর্ব পরিকল্পনামতো ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপসহকারী পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, রাতে হানিফ নামের একজন সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় ওই রাতেই নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫/৬জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর করিব বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ মর্গে রয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।