স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নিয়ামুল হক (৪৭), আওয়ামী লীগ সমর্থিত কর্মী আতিক হাসান (৩২), ছাত্রলীগ সমর্থিত কর্মী সোহাগ সিকদার (২৩) এবং আওয়ামী লীগ সমর্থিত কর্মী সোহেল (২৪)।
সখীপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সখীপুর থানায় একটি মামলা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ওই মামলার এজাহারনামীয় আসামি।
এর আগে একই মামলার এজাহারনামীয় আসামি সাবেক পৌর কমিশনার ও পৌর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মনজুরুল হক মজনু, সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একলাছ হায়াত সরোয়ার এবং আওয়ামী লীগ কর্মী আব্দুর রাজ্জাককে একই রাতে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।