স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) ‘ঢাকা টু রংপুর’ লং মার্চ কর্মসূচি সফল করতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে ১১ দলীয় ঐক্যজোট। ঐক্যজোট নেতৃবৃন্দ জানিয়েছেন, সর্বাত্মক এই লং মার্চ কর্মসূচির একটি বড় ও গুরুত্বপূর্ণ অংশজুড়ে থাকবে কালিহাতী এলাকার পৌলী থেকে শুরু হয়ে ঐতিহ্যবাহী যমুনা সেতু সীমান্ত পর্যন্ত বিস্তৃত হবে। এ উপলক্ষে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা আমির ও ১১ দলের কালিহাতীর আহবায়ক মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এম এম হেলাল বাদশার সঞ্চালনায় মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন, টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম এনামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি শাহ আলম, এলেঙ্গা পৌর জামায়াতের সভাপতি মাওলানা রুহুল আমিন, বল্লা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহমুদুর রহমান মিলন ও এলেঙ্গা পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী বিরহ সিদ্দিকী সাগরসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় কেন্দ্র থেকে যে রাজপথের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তা বাস্তবায়নে কালিহাতী অঞ্চল মুখ্য ভূমিকা পালন করবে। মহাসড়কের এলেঙ্গা অংশ থেকে শুরু করে যমুনা সেতু পর্যন্ত সংযোগ পথ জুড়ে লং মার্চের জোরালো উপস্থিতি ও গণজোয়ার সৃষ্টি হবে। তিনি দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, আজ সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অনতিবিলম্বে গণভোটের বিধান পুণরায় চালু করা, বহুল আলোচিত জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা এবং সারাদেশে জেঁকে বসা বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও কৃষিসারের তীব্র সংকট দূর করা সময়ের সবচেয়ে বড় দাবি।
সেই সাথে বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বী দাম বৃদ্ধি ঠেকানো এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে সরকারের কার্যকর ভূমিকা দেখতে চায় জনগণ। এছাড়া রাষ্ট্রযন্ত্রে চরম দলীয়করণ পরিহার করে সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ দখলদারিত্ব চিরতরে দূর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। তিনি জাতীয় এ আন্দোলনকে সর্বস্তরের মানুষের আন্দোলনে রূপ দিতে সাংবাদিক সমাজকে নির্ভীক ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এলেঙ্গা-যমুনা সেতু মহাসড়কজুড়ে সাধারণ মানুষের অংশগ্রহণে আগামী (১৯ সেপ্টেম্বরের) এই রোডমার্চ এক ঐতিহাসিক মাত্রা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।