স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ছিটমামুদপুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।
তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজার বাবা মরহুম হাজী হোসেন সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিকদার স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহজাহান সিরাজ ও তাঁর পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে মেডিসিন, চর্ম, যৌন, গাইনী, সার্জারি ও চক্ষু বিভাগের চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি চক্ষু রোগীদের বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণ করেছেন।