
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার সলিমাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও দুইবারের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নিজ বাড়ীতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় বিশেষভাবে দোয়া করা হয়।
সারোয়ার ভূইয়ার সভাপতিত্বে ও সলিমাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ফরিদ হোসেন ভূঁইয়া, সদস্য ফনির হোসেন ভূঁইয়া, সলিমাবাদ ইউপি সদস্য স্বপন দেওয়ান, সংরক্ষিত ইউপি মহিলা সদস্য ইশরাত জাহান প্রমুখ।
সভায় প্রধান বক্তার বক্তব্যে মনির হোসেন ভূঁইয়া তার বিগত দিনের জনসেবামূলক কাজের কথা তুলে ধরে বলেন, আমি বিগত দিনে দুইবার প্যানেল চেয়ারম্যান এবং সাবেক চার বারের সফল ইউপি সদস্য হিসেবে ইউনিয়নে উন্নয়নের কাজ করেছি। উন্নয়নের রূপকার হিসেবে আমাকে সুযোগ দিলে আমি সলিমাবাদ ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তর করব।
তিনি আরও বলেন, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক জনগন উপস্থিত ছিলেন।






