
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে শিক্ষক সমিতি ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে। বাশিস ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমাদুল হাসান। সম্মেলনের উদ্বোধন করেন বাশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান।
জহুরুল হক শামীমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বাশিস সাবেক সভাপতি আবুল হাশেম আহমেদ, মফিজুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান। এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম স্বপনসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ।
সম্মেলনে উপস্থিত বক্তারা বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে দ্রুত জাতীয়করণের আহ্বান জানান শিক্ষক নেতারা।






