গোপালপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারেক খাঁনের উদ্যোগে স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারা দুইজনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে সৈয়দপুর ও উত্তর মাইজবাড়ী গ্রামের দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেয়া হয়।
সৈয়দপুর গ্রামের উজ্জল মিয়ার ১১ বছর বয়সী ছেলে শিপু এবং উত্তর মাইজবাড়ী গ্রামের ফিরোজ মিয়ার ১৮ বছর বয়সী ছেলে লিখনের হাতে একটি করে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। তারা দু’জনই জন্মগতভাবে চলাচলে অক্ষম।
হুইলচেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফুর রহমান, ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজের প্রভাষক অনিক রহমান বুলবুল, লেখক ও সাহিত্যিক বেগম রোকেয়া ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারেক খাঁন বলেন, চেয়ারম্যান হতে পারি বা না পারি, অতীতের মতো ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাবো। এদিকে স্থানীয়রা বলেন, চলাচলে অক্ষম দুইজনের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ার এই উদ্যোগ তাদের দৈনন্দিন চলাফেরায় কিছুটা হলেও স্বস্তি এনে দিবে।