
স্টাফ রিপোর্টার ॥
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের কঠোর হাতে দমন করা হবে । প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, নৈরাজ্যকারীদের কোন ছাড় দেওয়া হবে না। নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে। যারা গণতন্ত্র মানে না, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের মোকাবিলা করব। সাধারণ মানুষ শান্তি চায়। দেশে শান্তি ফিরিয়ে আনতে যা যা করা দরকার, দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা করব।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে আয়োজিত গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
এর আগে ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে গণমিছিল বের হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়ক হয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।






