স্টাফ রিপোর্টার, কালিহাতী/ সখীপুর প্রতিনিধি/ স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি আশা এনজিওর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ সড়কের কালিহাতী পৌরসভার চাটিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ঘাটাইল উপজেলার বাসিন্দা।
জানা যায়, শহিদুল ইসলাম কালিহাতী পৌরসভার সালেংকা এলাকা থেকে চাটিপাড়া আশা অফিসে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর অজ্ঞাতনামা গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জায়েদা মার্কেট এলাকার মৃত এসহাক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম আন্দি এলাকা থেকে অটোভ্যান চালিয়ে সখীপুরের দিকে আসছিলেন। পথে ঢাকা মেট্রো-ট-১৬-০৪৩৩ নম্বরের একটি ট্রাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সিরাজুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ট্রাকচালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় ইব্রাহিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীটেকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের রাস্তায় খেলছিল ইব্রাহিম। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যান রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর ভ্যানচালক দ্রুত ঘটনাস্থল থেকে ভ্যান নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।