স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এসআরবি-১৪, সিপিসি-৩ মাদক বিরোধী পৃথক অভিযানে নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা মাদক কারবারিরা হলেন- শহিদুল ইসলাম (৩২), ইব্রাহিম (৩৩) ও বিপ্লব শেখ (২৫)। এদের কাছ থেকে ১৯৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন, ৩ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি পিকআপ গাড়ী ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গত (২৭ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল সদর থানাধীন নগর জালফৈ বাইপাস সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। চেক পোস্টে সন্দেহ ভাজন পিকআপ গাড়ীসহ রাজশাহী জেলার বাসিন্দা মাদক কারবারি শহিদুল ইসলাম (৩২) এবং ইব্রাহিমকে (৩৩) আটক করে। তাদের দেয়া তথ্য ও দেখানো মতে, পিকআপের স্টিয়ারিংয়ের নিচে ডান পাশের হেডলাইটের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ শত ৯৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বহনে ব্যবহৃত ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
একই দিন অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর থানার বটতলা চার রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি করে যাত্রীবেশে থাকা সিরাজগঞ্জ জেলার বাসিন্দা বিপ্লব শেখকে (২৫) আটক করে। তার দেওয়া তথ্য ও দেখানো মতে, হাতে থাকা ব্যাগের ভিতর বিশেষ কায়দায় ৩ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় আলামতসহ তাদের হস্তান্তর করা হয়েছে।