স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অনুমোদনহীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও ওষুধ বিক্রির অভিযোগে রাশেদুল নামে এক কবিরাজ ও আশরাফুল নামে এক ওষুধ ব্যবসায়ী এই দুইজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাথাইলকান্দী বাজারে অবস্থিত মা ও শিশু হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাছান।
এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার এসআই বেলাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অভিযানে হাড় জোড়া লাগানোর চিকিৎসা দেওয়ার অভিযোগে এক কবিরাজ রাশেদুলকে ৫০ হাজার টাকা এবং অনিয়মের অভিযোগে আশরাফুল নামে এক ওষুধের দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্টদের চিকিৎসা ও ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে জরিমানা করেন।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাছান জানান, অনুমোদনহীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং নিয়মবহির্ভূতভাবে ওষুধ বিক্রি করে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় সাধারণ মানুষকে অনুমোদিত চিকিৎসক ও বৈধ ওষুধের দোকান থেকে চিকিৎসা ও ওষুধ গ্রহণের আহ্বান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।