
স্পোর্টস রিপোর্টার ॥
বাংলাদেশ পুলিশ ও টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। ফাইনাল খেলায় টাঙ্গাইল সদর উপজেলা দল ও গোপালপুর উপজেলা দল পরস্পরের মুখোমুখি হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) এইচ. এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদসহ টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ খেলায় উভয় দলই চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। খেলাকে ঘিরে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ আয়োজনের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা প্রত্যাশা করেন।






