স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। আগামী শুক্রবার (১৬ অক্টোম্বর) ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে ১৩৮টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গাপূজা।
পূজা যতই ঘনিয়ে আসতে মণ্ডপে মণ্ডপে চলছে ব্যস্ততা। ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছেন মৃৎ শিল্পীরা। মণ্ডপে মণ্ডপে দেব-দেবীর প্রতিমায় রঙ ও অলঙ্করণের শেষ ছোঁয়া দিচ্ছেন শিল্পীরা। সিংহপৃষ্ঠে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের দৃষ্টিনন্দন প্রতিমা তৈরি করা হয়েছে।
এ বিষয়ে নাগরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ঝটুন কুমার সাহা জানান, উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হবে।
তিনি আরও জানান, নাগরপুরের প্রতিটি মণ্ডপে যেন আনন্দের কোনো কমতি না থাকে। সেজন্য সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দারুণ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।