স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় বিএসটিআই-এর লাইসেন্স ছাড়া ও ক্ষতিকর রঙ ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে ‘নূপুর আইসক্রিম ফ্যাক্টরি’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। সেখানে আইসক্রিমে অনিয়মতান্ত্রিকভাবে কেমিক্যাল রঙ ব্যবহার, বিএসটিআই-এর সিএম লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি এবং প্যাকেটে অবৈধভাবে বিএসটিআই-এর মানচিহ্ন ব্যবহারের সত্যতা পাওয়া যায়।
পরে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূপুর আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম জানান, জনস্বার্থে ও খাদ্যদ্রব্যে ভেজাল রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত বজায় থাকবে।